কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, ছাত্রদলের নিন্দা

Spread the love

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, ছাত্রদলের নিন্দা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্যসচিব আবুল বাশারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ছাত্রদল নেতারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি দ্রুত তদন্ত করে পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে এবং প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম পরিচালিত বা প্রচারিত হতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সহিংসতামুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছে ছাত্রদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *