
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হলেন জাভেদ মাসুদ মিল্টন
মামুন অর রশিদ বিজন, মেহেরপুর: দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এর অংশ হিসেবে মেহেরপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জাভেদ মাসুদ মিল্টন। তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় একজন নেতা হিসেবে পরিচিত। বর্তমানে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি বলে জানা গেছে। এর ধারাবাহিকতায় এবার জেলা পরিষদগুলোতেও প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।





