৩০ জুলাই: সেনাবাহিনীর পায়ে পিষ্ট হাসিনার কালো ব্যাজ
২০২৪ সালের ৩০ জুলাই সরকার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং কালো ব্যাজ ধারণের আহ্বান জানায়। একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে লাল কাপড়ে মুখ ও চোখ ঢেকে ছবি প্রকাশ এবং সামাজিক মাধ্যমে লাল প্রোফাইল ছবি ব্যবহারের কর্মসূচি দেয়।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিদের বুটের কাছে বা নিচে কালো ব্যাজ দেখা যায়—এমন কয়েকটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যা আন্দোলনে ভিন্নমাত্রা যোগ করে। সেনাবাহিনীর সদস্যরা যে এই ম্যাসাকারের পক্ষে নয়, তার জানান পায় আন্দোলনকারী ছাত্ররা। ছবিগুলো ঘিরে বিভিন্ন ব্যাখ্যা ও দাবি সামাজিক মাধ্যমে প্রচারিত হলেও, এগুলো সেনাসদস্যদের আনুষ্ঠানিক বা সংগঠিত নীরব প্রতিবাদ ছিল—এমন কোনো সরকারি বা স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণ প্রকাশ করা সম্ভব হয়নি। সেনা আইনে সরাসরি দেশের রাজনৈতিক সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ নিষিদ্ধ থাকায় আজও এই ছবিগুলোর ব্যাখ্যা যথাযথভাবে হয়নি। তবুও দেশের মানুষের পাশেই আছে সেনাবাহিনী—এমন নীরব বার্তা ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে।
অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল এবং তাদের আনুষ্ঠানিক ভূমিকা ছিল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করা। এ বিষয়ে আইএসপিআর বিভিন্ন সময়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছিল।

