আমি শিক্ষাবীদ হতে আসিনি,আমার নামের আগে পরে কোনো উপাধির প্রয়োজন নেই,মাভাবিপ্রবিতে নবনিযুক্ত প্রোভিসি

Spread the love

আমি শিক্ষাবীদ হতে আসিনি,আমার নামের আগে পরে কোনো উপাধির প্রয়োজন নেই,
মাভাবিপ্রবিতে নবনিযুক্ত প্রোভিসি

মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. আনিছুর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মো. আনিছুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যাপক আনিছুর রহমান উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়ন এবং উন্মুক্ত ও দূরশিক্ষা কার্যক্রমে তিন দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে দর্শন ডিসিপ্লিনের কারিকুলাম কমিটির চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অধ্যাপক আনিছুর রহমান। তাঁর স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল ‘Environmental Ethics: A Creative Synthesis’। ১৯৯৪ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করার পর তিনি প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।
উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থার বিকাশে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বাউবির একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন পাঠ্যক্রম, একাডেমিক নীতিমালা প্রণয়ন ও উন্নয়ন কমিটিতে যুক্ত ছিলেন তিনি। এছাড়া সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষাসামগ্রী প্রণয়ন, টিউটর প্রশিক্ষণ, সেমিনার আয়োজন এবং একাডেমিক প্রশাসনেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। উন্মুক্ত ও দূরশিক্ষা, শিক্ষা উপকরণ উন্নয়ন, শিক্ষামাধ্যম নির্মাণ, সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি ও একাডেমিক ব্যবস্থাপনা বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাঁর অংশগ্রহণ রয়েছে।
নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের অভিজ্ঞতা, একাডেমিক দক্ষতা ও প্রশাসনিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করছে মাভাবিপ্রবি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *