জবিতে মনোবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১৯, ২০ ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৩, ১৪ ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “মনোবিজ্ঞান এমন একটি বিদ্যা, যা মানুষকে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেয় না, বরং মূল্যবোধ, মানবিকতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও সহায়তা করে। মানুষকে বোঝা, তাদের আচরণ বিশ্লেষণ করা এবং সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মনের ভাষা বোঝার অন্যতম কার্যকর মাধ্যম হলো মনোবিজ্ঞান।”
তিনি আরও বলেন, “মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা মানসিক চাপ মোকাবিলা, দক্ষতা উন্নয়ন, পরীক্ষাজনিত উদ্বেগ এবং সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই চলবে না। নিজেকে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে পড়াশোনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনও অত্যন্ত প্রয়োজন।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় বিভাগের পক্ষ থেকে নবীনদের শিক্ষাজীবনের সফলতা এবং বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

