যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানালো ছাত্রদল
যবিপ্রবি প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। এই নতুন যাত্রাকে স্মরণীয় ও আনন্দময় করে তুলতে নতুনদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যবিপ্রবি শাখা।
ক্যাম্পাসে আগত নবীন শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন এবং তাদের মনে স্বস্তি ফেরানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করে ছাত্রদল।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে একটি আন্তরিক অভ্যর্থনা কেবল শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসই বৃদ্ধি করে না, বরং পুরো ক্যাম্পাসের প্রতি একটি ইতিবাচক মানসিকতা ও ভ্রাতৃত্ববোধের বীজ বপন করে।

যবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কেবল পুঁথিগত বিদ্যা অর্জনের স্থান নয়; বরং এটি আদর্শ, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার একটি অনন্য ভিত্তি। নবীন শিক্ষার্থীদের কাছে সংগঠনের প্রত্যাশা হলো, তারা যেন জ্ঞানচর্চা ও সৃজনশীলতার পাশাপাশি নৈতিকতাকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন। সেই সাথে, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত গৌরব ও ঐতিহ্যকে তারা নিজেদের মেধা ও মনন দিয়ে আরও সমুন্নত রাখবেন।
ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাদের সার্বিক সাফল্য কামনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আগামী দিনগুলোতে শিক্ষার্থীরা যেন জ্ঞান, সাফল্য ও কল্যাণে নিজেদের জীবন পরিপূর্ণ করে তুলতে পারে, সেই দোয়াই করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ৮ জুলাই ২০২৬ তারিখে ক্যাম্পাসে এই বর্ণিল ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।


