শাবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ বুধবার (২৪ জুন, ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের কনফারেন্স কক্ষে ‘Foundation Training on Academic Excellence in Teaching, Research and Leadership’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, শিক্ষাদানে উৎকর্ষতা অর্জন, মানসম্মত গবেষণা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে এ ধরনের ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত সময়োপযোগী। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষকমণ্ডলীকে এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
শিক্ষকদের সুযোগ-সুবিধা ও গবেষণার ওপর জোর দিয়ে ভাইস চ্যান্সেলর আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যা যা পাওয়া উচিত, সেগুলো তারা পাবেন এবং এর জন্য আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা গবেষণায় ফান্ড বৃদ্ধির চেষ্টা করছি, তবে শিক্ষকদের কাছে আমার প্রত্যাশা থাকবে-আমাদের গবেষণা যেন দেশ ও জাতির কল্যাণে আসে। একই সাথে শিক্ষার্থীদের সঠিক প্রেরণা (মোটিভেশন) দিতে হবে এবং কোনটি ভালো তা তাদের বুঝিয়ে বলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।
