
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে হবে।
এতে আরও বলা হয়, ২৭ ডিসেম্বর ২০২০ তারিখের ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী তিনি মাসিক সম্মানি পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও তিনি পালন করবেন।
নিয়োগের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “যবিপ্রবিতে নিয়োগের চিঠি পেয়েছি। ঠিক কবে যোগদান করবো, তা এখনই বলতে পারছি না। তবে যত দ্রুত সম্ভব দায়িত্ব গ্রহণের চেষ্টা করবো।”
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
