বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌর সাফল্য তুলে ধরলেন আইপিই বিভাগের শিক্ষক ড. সাখাওয়াত হোসেন

Spread the love

0-4064×3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:2;

অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” (Shared Vision for a Better World: Affordable and Clean Energy) প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরে পালিত হয়েছে বিশ্ব মান দিবস-২০২৬। আজ বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন। তিনি তাঁর গবেষণালব্ধ প্রবন্ধে বিশ্বব্যাপী মান নিয়ন্ত্রণ ব্যবস্থা (Standardization), বিশ্ব মান দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের টেকসই উন্নয়নে আন্তর্জাতিক মানদণ্ড (ISO, IEC ও ITU) এবং বিএসটিআইয়ের কার্যকর ভূমিকা তুলে ধরেন।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উদ্ভাবনী ও উল্লেখযোগ্য অর্জন। ড. সাখাওয়াত হোসেন জানান, দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি ক্যাম্পাসের ছাদে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেম স্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অন-গ্রিড ইনভার্টার ও নেট মিটারিং প্রযুক্তিতে পরিচালিত এ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্যাম্পাসের নিজস্ব বিদ্যুৎ চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ (৩৩ থেকে ৩৫ শতাংশ) পূরণ করছে। এ ছাড়া ছুটির দিনসহ যেসব সময়ে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হয়, তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রকল্পটি প্রতি বছর প্রায় ৮০০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস করে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

পাশাপাশি কৃষি সেচে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌরচালিত পাম্পের ব্যবহার সম্প্রসারণ, সমন্বিত বায়োগ্যাস প্ল্যান্ট এবং বাগেরহাট ও জামালপুরের সোলার পার্কের মতো বৃহৎ প্রকল্প নিয়েও আলোচনা করেন তিনি। সবুজ প্রযুক্তির প্রসারে বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন ড. সাখাওয়াত হোসেন।

বিএসটিআই, যশোরের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান প্রকৌশলী মোং আসলাম শেখের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি যবিপ্রবির পরিবেশবান্ধব ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে যশোর জেলাকে নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত মাননিয়ন্ত্রণ ব্যবস্থার রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *