দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্যা ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

Spread the love

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্যা ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

ইবি প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করতে এই অঞ্চলের ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেছেন, অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রেলপথের বিস্তার এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন’ বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই অঞ্চলের উন্নয়ন নিয়ে আমাদের দেশের রাজনীতিবিদেরা একমত। আমরা সবাই চাই এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন হোক। এই উন্নয়নের চেতনাকে ধারণ করেই আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব।
বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ডঃ খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জলবায়ু সহনশীলতা, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ডঃ কবিরুল ইসলাম বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় এই অঞ্চল পিছিয়ে আছে। টেকসই উন্নয়নের জন্য এখন সুসমন্বিত পরিকল্পনা ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মোঃ রুহুল আমিন। তিনি কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি রপ্তানিমুখী শিল্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার সংসদ সদস্যবৃন্দ। তারা হলেন— মোঃ আব্দুল গফুর, মোঃ আমির হামজা, মোঃ আফজাল হোসেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, মোঃ তাজউদ্দিন খান, মোঃ নাজমুল হুদা, আলী আজম মোহাম্মদ আবু বকর, মোঃ মতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালিব।
এছাড়া ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুল মজিদ এবং জুলাই বিপ্লবে শহীদ ইয়ামিনের পিতা মোঃ মহিউদ্দিন অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন।
ফোরামের মহাসচিব মোঃ মনিরুজ্জামান একটি সমন্বিত ‘রোডম্যাপ’ প্রণয়নের দাবি জানান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *