ইবিতে জিয়া হলের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে প্রভোস্টের রুমে তালা

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

ইবিতে জিয়া হলের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে প্রভোস্টের রুমে তালা

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নানা অব্যবস্থাপনা ও সংকটের প্রতিবাদে প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (১১ এপ্রিল) বেলা এগারোটার দিকে হল গেইট প্রাঙ্গণে এ কর্মসূচি করে তারা। পরে আগামী মঙ্গলবার সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও হল প্রভোস্টের উপস্থিতিতে তালা খুলে দেয় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, জিয়া হলে অপরিচ্ছন্ন পরিবেশ, ডাইনিংয়ে নিম্নমানের খাবার, ওয়াইফাই সংযোগের সমস্যা এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। হলের প্রতিটি ব্লকের ওয়াশরুমের পরিবেশ অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। রুমের সামনে ময়লার স্তূপ এবং চারপাশের ঝোপঝাড় পরিষ্কার না করায় মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে আছে।

তারা আরও বলেন, প্রভোস্ট স্যারকে বারবার জানানো হলেও তিনি শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। এক বছর পার হলেও কোনো সমাধান হয়নি। ক্লিনারদের বেতন বকেয়া থাকায় তারা কাজ করছেন না, আবার প্রশাসন বলছে ফান্ডে টাকা নেই। ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ হতে হচ্ছে। বাধ্য হয়েই আমরা আজ প্রতিবাদে নেমেছি।

হল প্রভোস্ট প্রফেসর ড. গফুর গাজী বলেন, পরিচ্ছন্নতা কর্মীর অসুস্থতা ও বেতন সংক্রান্ত কিছু জটিলতার কারণে কাজ ব্যাহত হয়েছে। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত এই সংকট নিরসনের চেষ্টা চলছে।

ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের সকল দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *