এফটিএনএস বিভাগের গবেষণা কার্যক্রম পরিদর্শনে মাভাবিপ্রবির উপাচার্য
(মাভাবিপ্রবি প্রতিনিধি) :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ৯ জুন ২০২৬ তারিখে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হকের নেতৃত্বে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে উপাচার্য গবেষণাগারসমূহ ঘুরে দেখেন এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন। পরিদর্শনকালে তিনি বিভাগের গবেষণা অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।
গবেষণায় বিভাগের অগ্রগতি ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে প্রশাসন প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি আধুনিক গবেষণা সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী লেজার এনার্জি গবেষক রাশিদা আলীম এবং স্থপতি নাদিয়াও উপস্থিত ছিলেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা উন্নয়নে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
অন্যদিকে, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক উপাচার্যের এ পরিদর্শনকে বিভাগের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “উপাচার্য মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গবেষণাগারসমূহ পরিদর্শন করেছেন, বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং গবেষণার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর এ আগ্রহ ও সমর্থন আমাদের ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভাগের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
