আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

Spread the love

আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)- এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত–সুমায়েল–নিক্সন পরিষদ (জিজি প্যানেল) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে সভাপতি পদে ইঞ্জি. মো. এনায়েত হোসেন, সহ-সভাপতি পদে ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ), ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল হক ও ইঞ্জি. মো. আব্দুস সালাম বিজয়ী হন। এছাড়া অন্যান্যসম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদে জিজি প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়ে পূর্ণ প্যানেল বিজয়ের গৌরব অর্জন করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ৬০০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোট প্রদান করেছে। যা মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ। ভোটগ্রহণের জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যাম্পাসে চারটি বুথ স্থাপন করা হয়। দিনব্যাপী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. এনায়েত হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ পেয়েছেন ২৪৩ ভোট। সহ-সভাপতি পদে ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ) ১ হাজার ৩৩৩ ভোট, ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল হক ১ হাজার ৩১৭ ভোট এবং ইঞ্জি. মো. আব্দুস সালাম ১ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম মহাসচিব পদে ইঞ্জি. মো. সাজেদুল হক শালুক ও ইঞ্জি. রেজাউল করিম (রেজা), সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জি. মোহাম্মদ মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ইঞ্জি. মো. জাহিদুর রহমান (আনিস), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. ফয়সাল হোসেন, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জি. তাসবিদুল ইসলাম দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. চন্দ্র শেখর দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. মো. আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. এ.এস.এম. আসিক ইসতিয়াক, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইঞ্জি. মো. আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. জহিরুল ইসলাম, নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরিফুর রহমান খান (জিসান), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরফান আলী পিকে, সহ সমাজকল্যাণ সম্পাদক পদে ইঞ্জি. মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক পদে ইঞ্জি. মো. ফারুকুল ইসলাম জনি, মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. পৃথ্বিলা কামাল এবং নির্বাহী সদস্য পদে ইঞ্জি. মো. শরীফুল আমিন, ইঞ্জি. মো. সাইদুর রহমান (রবিন), ইঞ্জি. মো. খালিদুল ইসলাম (মিথুন), ইঞ্জি. মঞ্জুস সাত্তার মো. রাসেল ও ইঞ্জি. মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী নির্বাচিত হয়েছেন।

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. মো. এনায়েত হোসেন বলেন, “আজকের এই দিনের জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। আইটিইটির নির্বাচন সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হিসেবে সম্পন্ন হয়েছে। এত সুন্দরভাবে নির্বাচন আয়োজন করার জন্য আমি নির্বাচন কমিশনারসহ সার্বিকভাবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন আইটিইটির পূর্ণ প্যানেল হিসেবে আমরা জয়লাভ করেছি। ফলে আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আইটিইটিকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

পরাজিত ইউসি প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ বলেন, “আমি আমার ছোট ভাই এনায়েতকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সবাই একই টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিবারের সদস্য। নতুন নেতৃত্বের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। আগামী দিনেও আমরা সবাই একই পরিবারের সদস্য হিসেবে আইটিইটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “প্রথমত আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই যারা নির্বাচিত হয়েছেন। আইটিইটির নির্বাচনটি আমরা সুষ্ঠুভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পেরেছি। আপনারা বিগত সময়ে দেখেছেন অনেক সময় সারারাত পেরিয়েও ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আমাদের প্রধান নির্বাচন কমিশনার অসুস্থ থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই দোয়া করি। সবশেষে বলবো, যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হতে পারেননি—সবাইকে আন্তরিক অভিনন্দন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *