ইবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ; ১০ মাসেও শেষ হয়নি তদন্ত
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ১০ মাস পার হলেও এখনো তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এদিকে তদন্ত কমিটির আহ্বায়ক বিলম্বের কারণ জানানো যাবে না বলে মন্তব্য করেন।
গত বছরের ৬ জুলাই চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই তদন্ত ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে দাখিল করার নির্দেশনা থাকলেও এখনো শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কমিটি।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির ইঙ্গিতসহ নানাভাবে হেনস্থা করার অভিযোগ উঠে। পরে শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি এবং উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়ে ওই শিক্ষকের শাস্তির দাবি করেন। গত বছরের ২ জুলাই উপাচার্যের কাছে বিভাগটির দুই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দেয়। এতে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করে যথোপযুক্ত শাস্তির দাবি জানায়। পরে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই বিভাগের শিক্ষার্থী মীম বলেন, ‘গত রমজানে কমিটির আহ্বায়ক আমাদের আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বললেও এখনো এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যা অপ্রত্যাশিত।’
তদন্ত বিলম্বের কারণ জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, ‘বিলম্বের কারণ জানানো যাবে না। তবে খুব শীগ্রই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হবে।’
