THE কর্তৃক এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ আবারও দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যবিপ্রবি
প্রতিবেদক : মোঃ আলমগীর হোসেন, যবিপ্রবি প্রতিনিধি । ২৪ এপ্রিল,২০২৬
টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’-এ এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এশিয়াজুড়ে ৩৬টি দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র্যাঙ্কিংয়ে যবিপ্রবি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান (১ম) ধরে রেখেছে। পাশাপাশি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে ৩য় অবস্থানে উন্নীত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়টির এই অভাবনীয় সাফল্যের পেছনে বিভিন্ন সূচকে তাদের প্রাপ্ত স্কোর নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
যবিপ্রবির র্যাঙ্কিং ও স্কোর প্রোফাইল:
এশিয়া র্যাঙ্কিং: ৪০১–৫০০ ব্যান্ডের মধ্যে।
সামগ্রিক স্কোর: ৩৩.৭–৩৬.৩।
জাতীয় অবস্থান: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম এবং সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে ৩য়।
টাইমসের নির্ধারিত ১৮টি পারফরম্যান্স ইন্ডিকেটরের মধ্যে প্রধান ৫টি ক্ষেত্র
গবেষণার মান (Research Quality) ৬৮.২
আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (International Outlook) ৪৭.৬
শিল্প খাত থেকে আয় (Industry) ১৯.৪
শিক্ষাদান (Teaching) ১৮.২
গবেষণার পরিবেশ (Research) ১৪.০
প্রতিবেদনে দেখা যায়, যবিপ্রবি সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে ‘গবেষণার মান’ (Research Quality) সূচকে। এখানে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬৮.২, যা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বা ‘International Outlook’-এ ৪৭.৬ স্কোর প্রতিষ্ঠানটির বৈশ্বিক মানদণ্ডকে প্রতিফলিত করে।
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং উচ্চতর গবেষণায় যবিপ্রবির এই ধারাবাহিক সাফল্য জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির মর্যাদা আরও বৃদ্ধি করেছে। শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
