জিপিএ-৫ প্রাপ্তিতে ৩০৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ময়মনসিংহের কেবি কলেজ

Spread the love

সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কলেজটির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সূত্রে জানা যায়, এ বছর কলেজটি থেকে ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩০৯ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৪৪ দশমিক ১৪ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে জাতীয় পর্যায়ে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো এনামুল হক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিজিয়া সুলতানা এবং কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। এচাড়া কলেজের শিক্ষকবৃন্দ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এ সময় আসন্ন ভর্তি পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত ও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. জেড. এম. রেজাউল করিম খান বলেন, আজ যারা কৃতি শিক্ষার্থী এবং এই ভালো ফলাফলের পেছনের কারিগর কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, এটি নিঃসন্দেহে দারুন অর্জন। এই প্রতিষ্ঠানের ভালোর জন্য যা সহযোগিতা প্রয়োজন বোর্ডের পক্ষ থেকে তা করা হবে। পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করার কোন শর্টকাট পথ নেই।

তিনি আরও বলেন, শিক্ষা এমন এক অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে পারবে। নিজেকে গড়ে তোলার এখনই সময়। প্রধানমন্ত্রী তোমাদের নিয়ে ভাবেন, প্রতি মিটিংয়ে তোমাদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, কবেল গতানুগতিক পড়াশোনা নয়। কোয়ালিটি এডুকেশন নিশ্চত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিত, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন, গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফলতা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *