নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও চিন্তাদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে নতুন কলা ভবনের তৃতীয় তলায় বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপনের অংশ হিসেবে এ পাঠচক্রের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। তিনি বলেন, পাঠচক্র একটি সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন। সাধারণত বিভিন্ন সংগঠনের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হলেও বিভাগের পক্ষ থেকে এমন আয়োজন তুলনামূলকভাবে কম দেখা যায়। সম্মিলিতভাবে বই পড়া ও আলোচনা করার ফলে একই সাহিত্যকর্ম বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণের সুযোগ তৈরি হয়। এতে চিন্তার প্রসার ঘটে এবং জ্ঞানার্জনের পথ আরও সমৃদ্ধ হয়।

তিনি আরও বলেন, নিজেকে বিকশিত করতে এবং জ্ঞানের গভীরে প্রবেশ করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে তাঁর পরামর্শ—‘আমাদের তিনটি কাজ করতে হবে, আর তা হলো—আমাদের পড়তে, পড়তে এবং পড়তে হবে।’

পাঠচক্রে মূল আলোচক হিসেবে আলোচনা করেন নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। আলোচক হিসেবে বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
