ব্যয় বাড়ানোর প্রস্তাব একনেকে না ওঠায় দীর্ঘ হচ্ছে কুবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ‎

Spread the love


‎কুবি প্রতিনিধি:
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির কারণে প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রথম সংশোধনী প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপিত হলেও আলোচনা ও অনুমোদন হয়নি। ফলে প্রকল্পের কাজ শেষ করতে আরও সময় লাগছে।
‎
‎প্রথম সংশোধনী প্রস্তাবে মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে ২৪২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। সংশোধিত প্রস্তাব অনুমোদন পেলে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। মূল প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার অনুষ্ঠিত একনেকের সভার এজেন্ডায় প্রকল্পটি ছিল। তবে সব এজেন্ডা নিয়ে আলোচনা শেষ হওয়ার আগেই সভা শেষ হয়ে যায়।
‎
‎এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘প্রকল্পটি একনেকের সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। তবে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সব এজেন্ডা নিয়ে আলোচনা শেষ করা সম্ভব হয়নি। আশা করছি, পরবর্তী একনেক সভায় প্রকল্পটি পাস হবে।’
‎
‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমাদের প্রকল্পের এজেন্ডাটি কিছুটা নিচের দিকে ছিল। আগের এজেন্ডা শেষ করার পরই প্রধানমন্ত্রী সভা সমাপ্ত করেন। ফলে আমাদের প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। আশা করছি, পরবর্তী একনেক সভায় এটি শুরুতেই থাকবে এবং পাস হবে।’
‎
‎পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাস্তবায়নাধীন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বরে অনুমোদন পায়। তখন প্রকল্পটি শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ব্যয় না বাড়িয়ে মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে ওই সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি।
‎
‎পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, দরপত্র প্রক্রিয়া, ভূমি অধিগ্রহণ ও মাস্টারপ্ল্যান তৈরিতে দীর্ঘ সময় লেগেছে। পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের ২০২২ সালের হালনাগাদ রেট সিডিউল কার্যকর হওয়ায় বিভিন্ন নির্মাণ ও পূর্তকাজের ব্যয় পুনর্নির্ধারণ করতে হয়েছে।
‎
‎চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আর্থসামাজিক অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সংশোধিত প্রস্তাবটি যাচাই-বাছাই করা হয়। পরে তা একনেকে পাঠানোর সুপারিশ করা হয়। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাস্তবায়ন করছে।
‎
‎সংশোধিত প্রস্তাবে যা থাকছে
‎
‎সংশোধিত প্রস্তাবে নতুন করে ১৫টি অঙ্গ যুক্ত করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যারাক, বহিঃঅগ্নিনির্বাপণ ব্যবস্থা, পাম্প হাউস, পানি সরবরাহ লাইন, বিদ্যুৎ সংযোগ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ছাড়পত্র এবং ব্যাংক চার্জ।
‎
‎নতুন রেট সিডিউলের কারণে ছাত্র ও ছাত্রী হল, একাডেমিক ভবন, উপাচার্য ও শিক্ষকদের আবাসিক ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), অডিটোরিয়াম এবং ভূমি উন্নয়নসহ কয়েকটি খাতের ব্যয়ও বাড়ানোর প্রস্তাব রয়েছে।
‎
‎অন্যদিকে লেকের ওপর সেতু, স্মৃতিস্তম্ভ, ওয়াচ টাওয়ার বা শহীদ মিনার, পারিবারিক বিনোদন এলাকা এবং বৈজ্ঞানিক ও টেলিযোগাযোগ যন্ত্রপাতির কাজ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভূমি অধিগ্রহণ, মেডিকেল সেন্টার, স্পোর্টস কমপ্লেক্স, লেক খনন ও জলাধার নির্মাণ, সৌরবিদ্যুৎ এবং গভীর নলকূপসহ আটটি খাতে ব্যয় কমানোর প্রস্তাব রয়েছে।
‎
‎পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পটিতে ১ হাজার ৪৩৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয় হয়েছে। এ পর্যন্ত আর্থিক অগ্রগতি ৮৬ দশমিক ৯২ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৮৬ দশমিক ৮৩ শতাংশ। বাকি কাজ শেষ করতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।
‎
‎প্রকল্পের পরিধি
‎
‎প্রকল্পের আওতায় ১৯৫ দশমিক ৫২ একর জমি অধিগ্রহণ এবং ১০০ একর জমি উন্নয়নের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ১০ তলা দুটি ছাত্র হল, দুটি ছাত্রী হল, শিক্ষকদের আবাসিক ভবন, ডরমিটরি ও কর্মচারীদের ভবন।
‎
‎এ ছাড়া কলা ও মানবিক, বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য চারটি ১০ তলা একাডেমিক ভবন, ছয় তলা প্রশাসনিক ভবন, ছয় তলা গ্রন্থাগার, পাঁচ তলা টিএসসি, তিন তলা অডিটোরিয়াম ও মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মসজিদ এবং সাতটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।


‎
‎গত মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম প্রতিবেদককে বলেন, ‘দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ ছিল। দেশের সংকটময় পরিস্থিতিতেও যাতে শিক্ষাখাতের উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগের প্রকল্পের কিছু কাজ কাটছাঁট করা হয়েছে। বাদ দেওয়া কাজগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে।’
‎তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারব। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *