যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের শিক্ষা, ব্যক্তিগত বিকাশ ও সার্বিক কল্যাণে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আবারও যুক্ত হলেন অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ‘পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা)’ হিসেবে তাঁকে নতুন করে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রা, ব্যক্তিগত সমস্যা ও সম্ভাবনার বিকাশে পরামর্শমূলক সহযোগিতা প্রদানের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের নেতৃত্বে এলেন তিনি।
অফিস আদেশ সূত্রে জানা যায়, এতদিন এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাফিউল হাসান। গত ৩ নভেম্বর তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ড. অভিনু কিবরিয়া ইসলাম। ৪ নভেম্বর অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্বও পালন করবেন।
উল্লেখ্য, ড. অভিনু কিবরিয়া ইসলাম এর আগেও ২০২৪ সালের মার্চে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ফলে দপ্তরটির কার্যক্রম ও শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব পালনে তাঁর পূর্ব অভিজ্ঞতাও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কেবল একটি প্রশাসনিক দপ্তর নয়; বরং শিক্ষাজীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যক্তিগত ও একাডেমিক সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে সহযোগিতা প্রদানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সেবার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অফিস আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মোহা. জালাল উদ্দীন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
