বুটেক্স দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

Spread the love

বুটেক্স দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন আগামী বছর ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি থেকে এই তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আগামী বছরের ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এঅবস্থায় সমাবর্তনের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম থেকে ৪৭তম ব্যাচের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া অধিভুক্ত ন্যাশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক) ও টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (টিটেক) দ্বিতীয় থেকে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা এবং অন্যান্য অধিভুক্ত কলেজের ষষ্ঠ থেকে নবম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির পর বিএসসি, এমএসসি ও এমবিএ প্রোগ্রামের নির্দিষ্ট ব্যাচের প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

এদিকে দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে চলছে গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কার্যক্রম। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হবে ১০ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “আগামী ২৮ মার্চ, ২০২৭ তারিখে বুটেক্সে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনটি যেন সুন্দর পরিবেশে উৎসবমুখর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, এটিই সবার নিকট আমার প্রত্যাশা। সকল গ্র্যাজুয়েট যেন এই আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পান, সে লক্ষ্যে সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”

উল্লেখ্য, গত বছর ২৭ ডিসেম্বর বুটেক্সের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে চার হাজারেরও বেশি গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *