২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ

Spread the love

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর আগে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ফাহাদ। সর্বশেষ গত তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

জানা গেছে, আনুমানিক ২১ দিন আগে রাত ১২টার দিকে প্রেমজনিত কারণে হতাশা থেকে বিষপান করেন ফাহাদ। বিষপানের কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে সহপাঠীরা রাত ২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা দেখে তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ফাহাদ কুয়েটের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার রুমমেটদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষপানের আগে ফাহাদ স্বাভাবিক ছিলেন। তাদের কেউই বুঝতে পারেননি যে তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন। ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। সেখানে শনিবার রাত ৮টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সহপাঠীদের অংশগ্রহণের জন্য বাসের ব্যবস্থা করেছে কুয়েট প্রশাসন।

তার মৃত্যুতে কুয়েটের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াস ইনাম বলেন, গতকাল রাতেই তার বোন আমাকে ফোন করে ব্যাপারটা জানিয়েছেন। তার এই ঘটনা আমি জানতে পেরেছি। ঘটনা শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। বিষয়টা তার বিভাগীয় প্রধানকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *