বর্ণাঢ্য আয়োজনে বেরোবিতে শুভ জন্মাষ্টমী উদযাপন
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনন্দঘন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাম্পাস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের দর্শন, সমাজ থেকে অধর্ম দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বাণী তুলে ধরেন। একই সঙ্গে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার আহ্বান জানান।
এ বিষয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী আমাদের সত্য, ন্যায়, মানবতা ও কর্তব্যের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ আমাদের জীবনে জ্ঞান, সংস্কার ও ঐক্যের আলো ছড়িয়ে দিক—এই হোক জন্মাষ্টমীর প্রার্থনা।”

তিনি আরও বলেন, “শ্রীকৃষ্ণের গীতার বাণী আমাদের কর্মে নিষ্ঠাবান, চিন্তায় ইতিবাচক এবং মানবিকতায় সমৃদ্ধ হতে অনুপ্রাণিত করুক।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। ঢাক-ঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
