কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

Spread the love

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭ শুরু হয়েছে। ফার্মেসি ও অর্থনীতি বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য বলেন, “আন্তঃবিভাগের এই টুর্নামেন্টকে নিজেদের পরিবারের ভেতরের খেলা হিসেবে বিবেচনা করতে হবে। জয়-পরাজয় যাই হোক, উভয় দলই বিশ্ববিদ্যালয়ের।”

তিনি খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কোনো ফাউল বা সমস্যা হলে রেফারি ও শিক্ষকরা তা সমাধান করবেন। কোনো অবস্থাতেই মাঠে বা মাঠের বাইরে কেউ কারও গায়ে হাত তুলতে পারবে না।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ফুটবলের মাধ্যমে টিমওয়ার্ক, পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের শিক্ষা পাওয়া যায়। মাঠে প্রতিপক্ষকে শত্রু হিসেবে না দেখে বড় ভাই, ছোট ভাই কিংবা বন্ধু হিসেবে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রেফারি ও পরিচালনা কমিটির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি দর্শকদেরও সংযত থাকার অনুরোধ করেন।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে কোনো অবস্থাতেই যেন ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব নষ্ট না হয়। রেফারি ও পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে জানিয়ে তিনি যেকোনো অভিযোগ সরাসরি কমিটির কাছে জানানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে এবারের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ১৮টি বিভাগ অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *