ইবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

ইবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু শিবলী, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইনজামামুল হকসহ রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির অ্যালামনাই ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় পরে রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার নির্মমভাবে হত্যার শিকার হওয়ার ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণদের সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের রহমান আবু রিয়াদ বলেন, রংপুর জেলা কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, বরং ২৫০ কিলোমিটার দূরের এই ক্যাম্পাসে এটি আমাদের একটি পরিবার। ভবিষ্যতে আমাদের বৃক্ষরোপণ ও স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের মতো সামাজিক কাজের উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। আমি নতুন শিক্ষার্থীদের আহ্বান জানাই তারা নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনা যুক্ত করে সংগঠনকে আরও দীর্ঘস্থায়ী ও গতিশীল করে গড়ে তুলবে।

অনুষ্ঠানে সমিতির অ্যালামনাই গোলাম কিবরিয়া নবীনদের উৎসাহিত করে এবং সংগঠনের অর্থনৈতিক ভিত্তির বিষয়ে আলোকপাত করে বলেন, নবীনদের সঠিক দিকনির্দেশনা ও সহায়তা দিতে প্রাক্তন শিক্ষার্থীরা সর্বদা প্রস্তুত।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইনজামামুল হক বলেন, জেলা কল্যাণ সমিতির যেকোনো আয়োজন যেন আরও সুসংগঠিত এবং প্রাণবন্ত হয়। জ্যেষ্ঠ ও নবীন শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে সংগঠনের মান ও সাফল্য আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু শিবলী বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ব্যক্তিত্ব বিকাশে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের সামাজিক প্ল্যাটফর্‌ম শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও নিজেদের দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *