মাগুরায় শিল্পায়ন ও উন্নয়নের স্বপ্ন, ঢাকায় মাগুরাবাসীদের উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

মাগুরায় শিল্পায়ন ও উন্নয়নের স্বপ্ন, ঢাকায় মাগুরাবাসীদের উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বসবাসরত মাগুরা জেলার অধিবাসীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৯টায় রাজধানীর মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও আশপাশের জেলায় বসবাসরত মাগুরার শতাধিক উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী উপস্থিত ছিলেন।

কর্মশালায় মাগুরা জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগের সুযোগ তৈরি এবং মাগুরাকে কীভাবে আরও উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করা যায়, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ওবায়দুর রহমান। তিনি বলেন, আমরা সবাই সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহণ করলে মাগুরার মানুষের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সাবেক ডিএমডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সহ-সভাপতি আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।

স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোখলেছ উর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো. আলী আফজাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান রাজু।

আয়োজকরা জানান, ঢাকা ও মাগুরায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাগুরায় শত শত নতুন উদ্যোক্তা তৈরি করাই তাদের লক্ষ্য। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের মাধ্যমে মাগুরাকে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকায় আয়োজিত এ কর্মশালার ধারাবাহিকতায় মাগুরা জেলায় বসবাসরতদের নিয়েও শিগগিরই একই ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *