প্রশাসনের সমন্বয়ে শাবিপ্রবির কিলোরোড সংস্কারে যুক্ত হচ্ছেন সিইই বিভাগের শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসের কিলোরোড সংস্কার কার্যক্রমে অংশ নেবেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীরা। আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম কিলোরোড পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সিইই বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত থেকে সড়কের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সিদ্ধান্ত হয়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শিক্ষার্থীরা সড়কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং কারিগরি সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে উপাচার্যের কাছে জমা দেবেন। প্রতিবেদন অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।
এই কার্যক্রমে সিইই বিভাগের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে তারা বাস্তব প্রকৌশল প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে শেখা তাত্ত্বিক জ্ঞান বাস্তব প্রয়োগের সুযোগ পাবেন।
এর আগে উপাচার্যের সভাকক্ষে সিইই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কিলোরোড সংস্কারের পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল, শিক্ষার্থীদের দায়িত্ব এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিদর্শনের সময় ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

