শাবিপ্রবির বাংলা বিভাগে ফল উৎসব অনুষ্ঠিত

Spread the love

শাবিপ্রবির বাংলা বিভাগে ফল উৎসব অনুষ্ঠিত

আজ (১৫ জুলাই ২০২৬), বুধবার দুপুর দেড়টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের বাংলা সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “আজকের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই একটি পরিবারের সদস্য। পরিবারে নানা ধরনের সমস্যা থাকাটাই স্বাভাবিক। তবে সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। আমার হাতে যদি কিছু করার সুযোগ থাকে, তাহলে মেয়েদের জন্যই আগে কাজ করব। কারণ, আমার অগ্রাধিকার তালিকায় মেয়েরাই রয়েছে। তাদের সমস্যাও তুলনামূলক বেশি।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন। তাই শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। আমরা ভালো কিছু করতে চাই, আর তোমরা পাশে থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব।”

উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং এখন থেকেই দায়িত্বশীল ও সচেতন হতে হবে। আমার প্রত্যাশা, তোমরা প্রতিদিন নিয়মিত পড়াশোনা করবে।”

তিনি আরও বলেন, “যেকোনো সমস্যা হলে প্রথমে বিভাগের দুইজন ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান, ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানাবে। তাদের মাধ্যমে সমাধান না হলে আমার মোবাইল নম্বর তোমাদের কাছে রয়েছে। প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *