উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবনে মালয়েশিয়ার দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর।

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবনে মালয়েশিয়ার দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর।

উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবন, উৎকর্ষ ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) মালয়েশিয়ার দুটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গত ৩১ মার্চ মঙ্গলবার মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর গোম্বাক ক্যাম্পাসে রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

আইআইইউএম-এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন। এ সময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। অপরদিকে আইআইইউএম-এর পক্ষে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, ডিন ড. খায়রুল আজমী বিন সাইদেক এবং অধ্যাপক ড. তানভীর সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে স্বাক্ষরিত চুক্তিতে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাং ওয়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা পরিচালক অধ্যাপক ড. খান সরফরাজ আলী উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু, এবং উদ্ভাবনী প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ উন্মোচিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনে এই আন্তর্জাতিক সহযোগিতা দুই দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *