
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার, ২৭ মার্চ) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবি কেন্দ্রে প্রায় ১ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসজুড়ে রোল নম্বর, ভবন ও কেন্দ্র নির্দেশনায় ডিজিটাল ব্যানার স্থাপন করা হয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতায় নিয়োজিত ছিল।
এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়, যা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেওয়া করে।
পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ‘সি’ ইউনিটের মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ‘বি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষাও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।





