রাত পেরুলেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

রাত পেরুলেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ইবি প্রতিনিধি

আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’(মানবিক) ইউনিটের  ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিবেন ৯১৩৩ জন। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ২,৮৪,৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেছে। এর মধ্যে ‘বি’ ইউনিটে আবেদন করেছে (মানবিক) ৯৩,১০২ ভর্তিচ্ছু।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

ড. মনজুরুল হক জানান, গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ইবি কেন্দ্রের ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, পরীক্ষার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত কোনধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। আশা করি আগামীকাল উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *