
গুচ্ছ ভর্তি পরীক্ষা: বি-ইউনিটে উত্তীর্ণ প্রায় ৬১ শতাংশ
ইবি প্রতিনিধি:
গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি-ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা বারোটার দিকে গুচ্ছের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ হয়। এতে পরীক্ষায় সর্বোচ্চ (৮১.৫) নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় মোট আবেদনকারী ছিল ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭৬ হাজার ৭৫৫ জন (৮২%) এবং অনুপস্থিত ছিল ১৬ হাজার ৩৪৭ জন (১৮%)। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬ হাজার ৬৩০ জন (৬০.৫০%) উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৩০-এর নিচে নম্বর পাওয়ায় ৩০ হাজার ৮৯ জন (৩৯.৫০%) অনুত্তীর্ণ হয়েছে। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে ৩৬ জনের ফলাফল বাতিল করা হয়েছে।
সর্বোচ্চ নম্বর ৮১.৫ ও সর্বনিম্ন নম্বর ছিল (-১৬.৫)।
উল্লেখ্য, বি-ইউনিট ভর্তি পরীক্ষা ৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার ৩ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়।





