রাত পোহালেই গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ২১জন

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

রাত পোহালেই গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বে ২১জন

ইবি প্রতিনিধি

আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের  ভর্তি পরীক্ষা। গুচ্ছ অধিভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘এ'(বিজ্ঞান) ইউনিটের ৭৮৮০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১,৬৬,১৬২ জন ভর্তিচ্ছু । এতে প্রতিটি আসনের জন্য ২১ জনেরও বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

ড. মনজুরুল হক জানান, ‘গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় কোর কমিটি। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কেন্দ্রগুলো পরীক্ষা নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে।’

ইবি কেন্দ্রের ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ইবি কেন্দ্রের পরীক্ষা ৯ টি ভবনের ১৯৫ টি কক্ষে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোনধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। আশা করি আগামীকাল উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,’ইতোমধ্যে কোর কমিটির প্রস্তুতিমূলক সকল কাজ সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্দিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রগুলোতে প্রেরণ করা হয়েছে। আশা করছি আগামীকালের পরীক্ষাও পূর্বের ন্যায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’

বার্তা প্রেরক:
ইকরামুল হাসান রিসাত
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *