ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ইলমা ও নীরব
ইংরেজি বিভাগ ডিবেটিং ক্লাবের নির্বাচন আজ দুপুর ১টায় ইংরেজি বিভাগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মারজান আক্তার ইলমা এবং সাধারণ সম্পাদক পদে নীরব আলী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের মডারেটর আকরাম স্যার এবং প্রিজাইডিং অফিসার ছিলেন সাথী আক্তার। এ ছাড়া নির্বাচন আহ্বায়কের দায়িত্ব পালন করেন নুসরাত জাহান সোনিয়া।
সভাপতি পদে মারজান আক্তার ইলমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জাহিদ হাসান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নীরব আলীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর আমেজ। বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে পুরো আয়োজন উপভোগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি মারজান আক্তার ইলমা বলেন,
ইডিডিসি তে প্রথমবারের মতো এতো চমৎকার এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হলো। খুব শীঘ্রই আমাদের পূর্ণাঙ্গ কমিটি আসবে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও কেন্দ্রীয় ক্লাবের সাথে ইডিডিসির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। বাংলা ও ইংরেজি দুই ধরনের বিতর্কচর্চার মধ্য দিয়ে ইডিডিসি সকলের মধ্যে অনন্য হয়ে উঠবে এই প্রত্যাশা করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নীরব আলী বলেন,
“নবনির্বাচিত সেক্রেটারি হিসেবে ইংরেজি বিভাগ ডিবেটিং ক্লাবের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বিশ্বাস করি, বিতর্ক শুধু কথা বলার দক্ষতা বৃদ্ধি করে না; এটি একজন শিক্ষার্থীর যুক্তিবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সমসাময়িক বিষয়ে সচেতনতা গড়ে তোলে।
আমার লক্ষ্য থাকবে ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও অংশগ্রহণমূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে নতুন ও পুরাতন সকল সদস্য নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। নিয়মিত বিতর্ক কর্মশালা, আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং সেশন এবং সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তা ও যুক্তিনির্ভর মত প্রকাশের পরিবেশ তৈরি করতে চাই।”
জাহিদ হাসান বলেন,
“গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আমি নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানাই। আশা করি, ইলমা ও নীরবের নেতৃত্বে ইংরেজি বিভাগ ডিবেটিং ক্লাব আরও এগিয়ে যাবে। ইলমা অনেক যোগ্য একজন বিতার্কিক, বিতর্ক জগতে তার যথেষ্ট সুনাম আছে। সবসময় ক্লাবের হয়ে কাজ করেছি, ভবিষ্যতেও ক্লাবের সকল কার্যক্রমে পাশে থেকে কাজ করতে চাই।”
নির্বাচন কমিশনার আকরাম স্যার বলেন, “ ইডিডিসি সবসময় শিক্ষার্থীদের সঠিক, ভুলের পার্থক্য করতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে। আজমে ইডিডিসি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন করে শিক্ষার্থীদের গণতন্ত্রে বিশ্বাসের দিকে অগ্রসর করেছে। আমি বিশ্বাস করি ইডিডিসি পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেখাবে এবং সারা বাংলাদেশের সাথেপ্রতিযোগিতায় নিজেদের তুলে ধরতে সাহায্য করবে। ”
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ইংরেজি বিভাগ ডিবেটিং ক্লাব আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন।
