ফাইনালে রাবির বিপক্ষে দাপুটে জয় নিয়ে চ্যাম্পিয়ান ইবি বাস্কেটবল টিম

Spread the love

ফাইনালে রাবির বিপক্ষে দাপুটে জয় নিয়ে চ্যাম্পিয়ান ইবি বাস্কেটবল টিম

ইবি প্রতিনিধি

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) পরাজিত করে ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের ইনডোর মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এই জয় পায় ইবি।

৪০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় ইবি ৮৪-৩৮ পয়েন্টে রাবিকে হারায়। ম্যাচজুড়ে ইবির খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত ৪৬ পয়েন্টের ব্যবধানে ফাইনালে জয় নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়।

এর আগে গ্রুপ পর্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় পেয়ে গ্রুপ সেরা হয় ইবি। পরে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে দাপুটে জয় নিয়ে ফাইনালে যায়। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে বিশাল ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়ান হয় ইসলামী বিশ্ববিদ্যালয়।

খেলায় চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ক্যাপ্টেন তামিম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখেছি, ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন শিরোপা ধরে রেখেছে। জয়ের এই মুহুর্তে আমরা স্বরণ করছি আমাদের সিনিয়রদের যাদের অনুপ্রেরণায় আমরা আজকে এখানে আসতে পেরেছি এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করেছি। আমরা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রমাণ করেছি যে, আমাদের বিশ্ববিদ্যালয় সেরা, আমরা খেলোয়াড় ও শিক্ষার্থী হিসেবে সেরা। আশা করছি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড.  নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কিভাবে অ্যাথলেটিক্সটাকে উন্নয়ন করা যায় আমরা সেটা নিয়ে কাজ করবো। একসময় ইবি অ্যাথলেটিক্সে অনেক ভালো করতো কারণ তখন খেলোয়াড় কোঠা ছিলো। আমি যখন শিক্ষক ছিলাম তখন দেখেছি বিশ্ববিদ্যালয় জাতীয় খেলোয়াড়দের ভর্তি করিয়েছিলো। পরবর্তীতে এই সুযোগটি বন্ধ হয়ে যায়। যখন আমাদের বিশ্ববিদ্যালয় গুচ্ছতে চলে যায়, তখন আমাদের অভিজ্ঞতা হয় যে, যেহেতু এটি প্রান্তিক বিশ্ববিদ্যালয় তাই এখানে খেলোয়াড়রা আসতে চায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *