
শাবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে এসএমই ফাউন্ডেশন এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS)’ শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে সহায়তা প্রদান লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের দুই প্রান্তে দুটি বড় বিদ্যাপীঠ-শাবিপ্রবি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমি চাই সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য এই দুটি প্রতিষ্ঠান ‘নলেজ ব্যাজ’ বা জ্ঞানের বাতিঘর হিসেবে কাজ করবে।
বক্তব্যে তিনি সিলেটের কৃতি সন্তানদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে সাবেক স্পিকার জনাব হুমায়ূন রশীদ চৌধুরীর অসামান্য অবদান ছিল। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি সারা সিলেট বিভাগের উন্নয়নে যিনি অবিসংবাদিত নেতা হিসেবে কাজ করেছেন, সেই প্রয়াত নেতা জনাব সাইফুর রহমান সাহেবের অবদানও অনস্বীকার্য। আজ আমরা যে অডিটরিয়ামে দাঁড়িয়ে আছি, সেটিও তারই কাজ। গুণীজনরা উন্নয়নের যে ধারাবাহিকতা রেখে গেছেন, তা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন আমাদের।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের কিছু প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে ১৩টি নতুন বিভাগ চালু, পরিবহণ সংকট নিরসনে নতুন বাস, নতুন ছাত্র হল নির্মাণ এবং একটি সুইমিং পুলের দাবি জানানো হয়েছে।
এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিচ্ছিন্নভাবে না করে সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলোকে একটি সমন্বিত প্রকল্পের আওতায় এনে প্রস্তাব করতে। সরকারের পক্ষ থেকে শাবিপ্রবির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানের সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এবং ব্যবসার উদ্দেশ্যকে সফল করতে এসএমই ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে। উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি শিল্প মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বেকারত্ব দূরীকরণে এসএমই ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাননীয় প্রধানমন্ত্রী ১ কোটি মানুষের কর্মসংস্থানের যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আমরা জাতির সেই আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। শিক্ষার্থীদের যাতায়াত ও ক্যাম্পাসের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে শীঘ্রই রাস্তাঘাটের কাজ শুরু করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে এগিয়ে আসবে। তাদের এই যাত্রায় এসএমই ফাউন্ডেশন প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শাবিপ্রবির চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও লক্ষ্যমাত্রা অর্জনে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীরা যেন শুধু একটি চাকরি পাওয়ার উদ্দেশ্যে শিক্ষা জীবন শেষ না করে। বরং তারা যেন পঞ্চম শিল্প বিপ্লবের (5th Industrial Revolution) উপযোগী যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলবে। আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সঠিক পথের সন্ধান পাবে। আমাদের ক্যাম্পাসের ‘ইনোভেশন হাব’-এর সহযোগিতায় শাবিপ্রবির শিক্ষার্থীরা ইতোমধ্যেই বহিঃবিশ্ব্বের বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে সফলতার সাথে অংশগ্রহণ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মর্তুজা জুলকার নাইন নোমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার তাসনিয়া ইকবাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী।





