একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে চবি উপাচার্যের সঙ্গে চবিসাসের মতবিনিময়

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে চবি উপাচার্যের সঙ্গে চবিসাসের মতবিনিময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এ সভায় চবিসাসের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় চবিসাসের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও মর্যাদার সঙ্গে উপস্থাপনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে চবিসাস।

সভায় উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং দাবির বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষভাবে শিক্ষার্থীদের দাপ্তরিক জটিলতা ও সময়ক্ষেপণ এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা পাশাপাশি সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশে একটি কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবহারের প্রস্তাব উপস্থাপন করা হয়।

শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা হিসেবে আবাসন সংকট, শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়, বগির স্বল্পতা এবং গরমের সময়ে ফ্যান ও আলোর সমস্যার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণভাবে উপস্থাপনের লক্ষ্যে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক পরিবেশের মানোন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে যথাসময়ে চাকসু নির্বাচন, সিন্ডিকেটে প্রতিনিধি নির্বাচন, ডিন নির্বাচন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উপস্থাপিত এসব সমস্যা ও দাবির বিষয়ে উপাচার্য আশ্বাস প্রদান করেন যে, প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানোন্নয়নের লক্ষ্যে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে তিনি জানান। এগুলো হলো—

১.একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত করা
২. শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও উন্নত করা
৩. বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য শামীম হোসাইনসহ চবিসাসের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *