বেঙ্গল প্রেসে সংবাদ প্রকাশের পর কুবিতে চালু হচ্ছে ‘পরিবহন কার্ড’
রাহাদুল ইসলাম সুজন, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে শিগগিরই ‘পরিবহন কার্ড’ চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী সপ্তাহে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পরিবহন পুলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাকসুদুল করিম। পরে ডিনদের মাধ্যমে বিভাগীয় চেয়ারম্যানদের কাছে বিষয়টি জানানো হবে এবং চেয়ারম্যানরা শিক্ষার্থীদের অবহিত করবেন।
জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় পরিচালিত মোট ২৫টি বাস রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এসব বাসে শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন।
সম্প্রতি কুবির পরিবহন বাসে যাত্রী উপস্থিত না থেকেও ইট, খালি বোতল, ভাঙা আয়না, মোবাইলের কাভার, গাছের ডাল, পলিথিনসহ বিভিন্ন অপ্রাসঙ্গিক সামগ্রী রেখে আসন ‘রিজার্ভ’ করে রাখার অভিযোগ ওঠা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বেঙ্গল প্রেস।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. মাকসুদুল করিম বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপ-উপাচার্যের সঙ্গে পরিবহন পুলের সদস্যসচিবকে নিয়ে বৈঠক করেছি। এ বিষয়ে একটি নোটিশও প্রস্তুত করা হয়েছে। নোটিশটি ডিনদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে ডিনরা বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করবেন এবং চেয়ারম্যানদের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়টি জানানো হবে।”
তিনি আরও বলেন, “আমরা খুব শিগগিরই বাস কার্ড চালুর ব্যবস্থা করব। সামনের সপ্তাহেই বাস কার্ডের জন্য সব বিভাগে চিঠি পাঠানো হবে। শিক্ষার্থীদের অনুরোধ করা হবে—মাথার ক্লিপ, মোবাইলের কাভার, ভাঙা বোতল, কাঁচি কিংবা এ ধরনের কোনো সামগ্রী দিয়ে যেন বাসের আসন দখল করে রাখা না হয়।”
পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের পরিবহনসেবা আরও সুশৃঙ্খল করার জন্য পরিবহন কার্ড চালুর চেষ্টা করছি। কার্ড চালু হলে একজন শিক্ষার্থী অতিরিক্ত সিট দখল করে রাখতে পারবে না। বোতল, পাতা, কলম, পলিথিনসহ বিভিন্ন জিনিস রেখে সিট ধরে রাখার প্রবণতাও বন্ধ করা যাবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন যাত্রীদের বাসে ওঠা নিয়ন্ত্রণেও এই উদ্যোগ কাজে দেবে।”

