পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ইবিতে ডাস্টবিন স্থাপন কর্মসূচি
ইবি প্রতিনিধি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এ কর্মসূচি করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়া শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিনসহ সংগঠনটির নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মোট ২২টি ডাস্টবিন কেনা হয়েছে, যা বিভিন্ন পয়েন্টে বসানো হবে। সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলেন, তাহলে ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব হবে।
তিনি সবার প্রতি আহ্বান করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের প্রতি আহ্বান জানাই, আমরা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সহযোগিতা করি।

