শাবি ফিটনেস ক্লাবের উদ্যোগে চ্যারিটি রান ৫কে: জীবন বাঁচানোর প্রত্যয়ে একসঙ্গে দৌড়াবে সিলেট

Spread the love

শাবি ফিটনেস ক্লাবের উদ্যোগে চ্যারিটি রান ৫কে: জীবন বাঁচানোর প্রত্যয়ে একসঙ্গে দৌড়াবে সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ফিটনেস ক্লাবের উদ্যোগে আগামী ১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘SUST Charity Run 5K’। ‘Run for a Life’ প্রতিপাদ্যে আয়োজিত এই চ্যারিটি রানের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ২০১৭–১৮ সেশন) চিকিৎসা তহবিলে সহায়তা করা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আশরাফুল আলমের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬০ লাখ টাকা। এই মানবিক উদ্যোগে রেজিস্ট্রেশন ফি থেকে ইভেন্ট পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ তাঁর চিকিৎসা তহবিলে প্রদান করা হবে। পাশাপাশি আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাবও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

জীবন বাঁচানোর এই উদ্যোগে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তের দৌড়প্রেমী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে শাবিপ্রবি ফিটনেস ক্লাব। আয়োজকদের প্রত্যাশা, সবার সম্মিলিত অংশগ্রহণে একজন মানুষের নতুন জীবনের আশা আরও জোরালো হবে।

চ্যারিটি রানের কারণে প্রচলিত অনেক রানিং ইভেন্টের মতো পূর্ণাঙ্গ রানিং কিট রাখা হয়নি। তবে অংশগ্রহণকারীরা পাবেন অফিশিয়াল টি-শার্ট (প্রিমিয়াম টি-শার্ট), ডিজিটাল সার্টিফিকেট, হাইড্রেশন ও খাবার, মেডিকেল সাপোর্ট, ওয়ার্ম-আপ ও কুল-ডাউন জোন, ড্রেসিং রুম ও ওয়াশরুম সুবিধা, ব্যাগ ড্রপ এবং গাড়ি পার্কিং সুবিধা।

ইভেন্টটি অনুষ্ঠিত হবে শাবিপ্রবি ক্যাম্পাসে। রিপোর্টিং সময় সকাল ৫টা ১৫ মিনিট এবং রেস শুরু হবে সকাল ৫টা ৩০ মিনিটে। ৫ কিলোমিটার দূরত্বের এই রানের কাট-অফ সময় ১ ঘণ্টা। নিবন্ধন ফি ৬০০ টাকা এবং নিবন্ধনের শেষ সময় ২৫ জুলাই ২০২৬।

আয়োজকরা জানিয়েছেন, এই ইভেন্টে কোনো পডিয়াম, প্রাইজমানি বা চিপ টাইমিং থাকবে না। এটি সবার জন্য উন্মুক্ত একটি মানবিক উদ্যোগ, যেখানে মূল লক্ষ্য প্রতিযোগিতা নয়, বরং একজন মানুষের চিকিৎসায় সহায়তা করা।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য শাবিপ্রবি ফিটনেস ক্লাবের ফেসবুক পেজ ও নির্ধারিত অনলাইন নিবন্ধন ফর্মে পাওয়া যাবে। এছাড়া প্রয়োজনে যোগাযোগ করা যাবে আরিয়ান শেখের (মোবাইল: ০১৮২০২৫০২৫৩) সঙ্গে।

আয়োজকদের আহ্বান, “ফিনিশ লাইনের জন্য নয়, বরং একটি নতুন জীবন বাঁচানোর লক্ষ্যে সবাই একসঙ্গে দৌড়াই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *