ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে যথাযথ মর্যাদায় শাবিপ্রবিতে জুলাই দিবস পালন
শাবিপ্রবি প্রতিনিধি: ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগকে ধারণ করেই শাবিপ্রবিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মেধাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের একক অর্জন নয়; এটি সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফসল। এই আন্দোলন প্রমাণ করেছে যে, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হলে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় অর্জন সম্ভব।
ভাইস চ্যান্সেলর বক্তব্যে রংপুরের শহীদ আবু সাঈদ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরামসহ আন্দোলনের সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করেন। একই সঙ্গে শাবিপ্রবির শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের অবদান বিশেষভাবে উল্লেখ করেন এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, মুক্তচিন্তা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঐতিহ্য বহনকারী শাবিপ্রবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, মৌলিক অধিকার, একাডেমিক উৎকর্ষতা এবং গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য।
অনুষ্ঠানের শেষভাগে তিনি উপস্থিত সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই শপথ নিই—শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাঁদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ ও একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, শাবিপ্রবি শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার ও জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মো. ফয়ছল আহমেদ।

