‘ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাব’

Spread the love
FacebookWhatsAppTelegramThreadsCopy Link

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘১২ তারিখ সংসদ অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্ট এর রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কবে উচ্চ কক্ষ গঠন করা হবে সেটা দেখার জন্য।’

মঙ্গলবার (১০ মার্চ‌) রাজশাহী টিচার্স ট্রেইনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফেরত আনতে হবে। হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।’

ফ্যামিলি কার্ড উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যামিলি কার্ড বাংলাদেশের অর্থনীতির কোন পরিবর্তন করতে পারবে না, এটা কেবল বিএনপির চোখ ধাঁধানো কর্মসূচি। দুর্নীতি বন্ধ না হলে, ঋণখেলাপি বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। অতি দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রাজশাহী তিন আসনের এমপি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *